জামায়াত আমিরের এক্স হ্যাক? দল দাবি করে গভীর ষড়যন্ত্র, ডিবি তদন্তে
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ দাবি করেন। বক্তব্যে তিনি বলেন, আগের রাতে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি ‘নোংরা ও উদ্দেশ্যপ্রণোদিত’ পোস্ট দেওয়া হয়, যা নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ডা. শফিকুর রহমান দাবি করেন, হ্যাকিংয়ের ঘটনায় জড়িত ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং কোন জায়গা থেকে এটি করা হয়েছে তাও চিহ্নিত করা হয়েছে। বিষয়টি জাতির সামনে স্পষ্ট ও স্বচ্ছভাবে তুলে ধরা হবে বলেও জানান তিনি। জামায়াত আমির বলেন, “আমরা ডাকাত ধরে ফেলেছি। খুব শিগগিরই ফকফকা, উজ্জ্বলভাবে জাতির সামনে সব তথ্য উপস্থাপন করব।”
পথসভায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, কোনো ফ্যাসিবাদী শক্তিকেই জামায়াতে ইসলামী ভয় পায় না। অতীতের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, যারা জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থাকতে চায়, তাদের হাতে দেশের দায়িত্ব দেওয়া নিরাপদ নয়। তিনি অভিযোগ করেন, এমন শক্তির হাতে দেশ গেলে জনগণের অধিকার, গণতন্ত্র ও রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ভোট ডাকাতি, জালিয়াতি ও অনৈতিক রাজনীতিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে চায়। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী রাজনীতিকে দেশে ফিরে আসতে দেওয়া হবে না এবং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। বক্তব্যের শেষদিকে তিনি জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যারা অতীতের পচা রাজনীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি দেখতে চান না, তাদের এই গণভোটে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।
.jpg)