চিনি নাকি গুড়ের শরবত, ইফতারে কোনটি নিরাপদ? জেনে নিন


 

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে খেজুর দিয়ে রোজা ভাঙার পর সাধারণত বিভিন্ন ধরনের শরবত পান করার প্রচলন রয়েছে। অনেক পরিবারে ইফতারের শরবত বা মিষ্টিজাতীয় খাবার তৈরিতে সাদা চিনি বেশি ব্যবহার করা হয়। তবে স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছে—ইফতারের শরবতে সাদা চিনি ব্যবহার করা ঠিক কি না, নাকি এর পরিবর্তে গুড় ব্যবহার করা বেশি স্বাস্থ্যকর।


এ বিষয়ে একটি জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গে কথা বলেছেন রাজধানীর ড্রীম ফার্টিলিটি কেয়ার এবং হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা। তিনি জানান, সাদা চিনি মূলত শরীরে শুধু ক্যালরি সরবরাহ করে, এতে তেমন কোনো ভিটামিন বা খনিজ উপাদান থাকে না। তার ভাষ্য অনুযায়ী, প্রতি এক চা চামচ সাদা চিনি থেকে প্রায় ২০ কিলোক্যালরি শক্তি পাওয়া যায়। নিয়মিত বা অতিরিক্ত সাদা চিনি গ্রহণ করলে শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।


বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্স, পিসিওএস সমস্যায় ভোগা রোগী, বন্ধ্যাত্বজনিত সমস্যা, ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির মতো জটিলতার ঝুঁকি বাড়তে পারে। তাই তিনি পরামর্শ দেন, সাদা চিনির পরিবর্তে আখের গুড় বা খেজুরের গুড় ব্যবহার করা তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। কারণ গুড়ে সামান্য পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা শরীরের জন্য কিছুটা উপকারী। তবে পুষ্টিবিদরা এটিও মনে করিয়ে দেন যে গুড়ও মূলত চিনিজাতীয় খাবার এবং এতে গ্লাইসেমিক প্রভাবও বেশি। 


ফলে অতিরিক্ত পরিমাণে গুড় খাওয়াও স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই ইফতারে শরবত বা মিষ্টি খাবার গ্রহণের ক্ষেত্রে পরিমিতি বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন বিশেষজ্ঞরা।

Next Post Previous Post

মন্তব্য করুন