গণতন্ত্রের অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় তাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। শুক্রবার (৬ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়া এবং দেশের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃঢ় অবস্থানকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।
জানা গেছে, আগামী রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়ন, অধিকার এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি তুলে ধরতেই প্রতি বছর এই ধরনের আয়োজন করা হয়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় জানায়, অন্য বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হবে। মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে এ পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী হিসেবে মোছা. আফরোজা ইয়াসমিন এই সম্মাননা পাচ্ছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে এবং অন্য নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। এই সম্মাননা নারীদের সংগ্রাম, সাফল্য এবং সমাজে তাদের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত নারীদের এই পুরস্কার প্রদান করা হয়, যা নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
